সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল ইউনিয়নের বটতলা এলাকায় শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আরও এক যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৬৫) এবং কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকবর ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৫)। আহত ব্যক্তিটি হলেন ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। তিনি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ভোরে মাছ ধরার জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার। এরপর তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজিতে উঠে সিরাজগঞ্জ শহরের দিকে যাত্রা শুরু করেন। পথে বটতলা এলাকায় পৌঁছানোর সময় হঠাৎ যানটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

নিহত সিএনজি চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন চাচা আশিক। সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাই।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে বাড়িতে চলে যান। আর আহত বিষ্ণু হালদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।