কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা মধ্যপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তরিকুল। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।