শরীয়তপুরে পেশাগত কাজ করতে গিয়ে তিন সাংবাদিককে মারধর এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার সরাসরি হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাঠানো এক বিবৃতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন বর্বর হামলা চালানো এবং পরবর্তীতে প্রকাশ্যে সংবাদমাধ্যমকে পিটিয়ে দমন করার সন্ত্রাসী দম্ভোক্তি স্পষ্ট প্রমাণ করে যে, ক্ষমতাসীনদের একাংশ গণমাধ্যমের ন্যূনতম স্বাধীনতায় বিশ্বাস করে না।’

মঙ্গলবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনকালে দ্য ডেইলি স্টারের সাংবাদিক জাহিদ হাসান, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বরকত মোল্লা সন্ত্রাসী হামলার শিকার হন। এসময় আরিফুজ্জামান মোল্লা সাংবাদিকদের উদ্দেশ্যে ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ বলে হুমকি দেন।

বিবৃতিতে নেতারা আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ক্যাডারতন্ত্র, ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করা এবং পরবর্তীতে মিডিয়াকে পিটিয়ে সোজা করার হুমকি দেওয়া শুধু সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা নয়; এটি দেশের সামগ্রিক বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর এক মারাত্মক আঘাত।’

গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা এবং বলপ্রয়োগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দমনের চেষ্টা দেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ এখনো ফ্যাসিবাদী মানসিকতা থেকে মুক্ত হয়নি—এরই পরিচায়ক বলে মন্তব্য করেন তারা। বিচারহীনতার সুযোগ নিয়ে সাংবাদিকদের ওপর হাত তোলা যারা, তারা সমাজ ও রাষ্ট্রকে স্বৈরাচারী অন্ধকারে ঠেলে দিতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এনসিপি হামলাকারী আরিফুজ্জামান মোল্লাসহ জড়িত সব ক্যাডারকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। সারাদেশে সাংবাদিকদের অবাধে সত্য সংবাদ প্রকাশের নিরাপদ পরিবেশ ও আইনি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে। মুক্ত গণমাধ্যম ও বাক-স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে অবিলম্বে দলীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।