বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন অর্থনীতিবিদ নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি এই পদে যোগ দেবেন। আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কার্যক্রমে তার প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে।

আজ সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিডি এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থার ৬৮তম সভায় এই নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে নাজনীন আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে দুই বছর এবং নিউইয়র্কে পলিসি অ্যাডভাইজার হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) ২৫ বছর কাজ করেছেন। নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কর্মজীবনে তিনি বিশ্বব্যাংক, ডিএফআইডি, ইউএনসিটিএডি, আইএলও, আইএফসি ও ইউরোপীয় ইউনিয়নের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও কাজ করেছেন।

অন্যদিকে, সিপিডির বর্তমান নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সংস্থাটির সম্মাননীয় ফেলো পদে পদোন্নতি পেয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় সাড়ে ৯ বছর ধরে তিনি সিপিডির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সিপিডিতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ইউএনডিপি ও ইউএসআইডিতে কর্মরত ছিলেন।