বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাস্তবায়ন হওয়া স্থানীয় প্রকল্পগুলোর জন্য বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যুর অনুমতি দিয়েছে। এর মাধ্যমে দেশি ব্যাংকগুলো বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির বিপরীতে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের কাছে এই আর্থিক নিরাপত্তা সরঞ্জামগুলো সরবরাহ করতে পারবে।

এ সিদ্ধান্তের ফলে ওই বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা বাংলাদেশি প্রতিষ্ঠানের গ্যারান্টি ইস্যুসংক্রান্ত বিধান আংশিক সংশোধন করা হলো। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিদেশি প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদার, স্থানীয় এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী দেশি প্রতিষ্ঠানগুলো প্রকল্পের প্রয়োজনীয় বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি বা এসবিএলসি সংস্থান করতে পারবে।

তবে এই সুযোগ পেতে কেন্দ্রীয় ব্যাংক কিছু শর্ত আরোপ করেছে। মূল চুক্তিতে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি বা এসবিএলসি গ্রহণের স্পষ্ট বিধান থাকতে হবে। পাশাপাশি দেশি প্রতিষ্ঠান ও বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে প্রকৃত ও গ্রহণযোগ্য চুক্তি বা বাণিজ্যিক সম্পর্ক এবং এর সপক্ষে বৈধ দলিলাদি উপস্থাপন করতে হবে। গ্যারান্টি বা এসবিএলসি ইস্যুর ফলে সৃষ্ট ঝুঁকি ও দায়ের বিপরীতে ব্যাংকগুলোকে পর্যাপ্ত জামানত বা কাউন্টার–সিকিউরিটি নিশ্চিত করতে হবে।

ঝুঁকির মাত্রা এবং ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে, গ্যারান্টির কারণে আবাসিক প্রতিষ্ঠানের ব্যয়, দায় ও অন্যান্য খরচ কীভাবে পরিশোধ করা হবে এবং গ্যারান্টি কার্যকর (ক্যাশ) হলে বিদেশি প্রতিষ্ঠান কীভাবে অর্থ ফেরত দেবে।

ব্যাংকগুলোকে এ ধরনের সুবিধা প্রদানের ক্ষেত্রে নিজস্ব ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও একক গ্রাহক ঋণসীমা মেনে চলতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।