পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারু গ্রামে মেয়ের বিয়ের আয়োজন চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রসেনা বেগম (৫০) নামের এক মা মারা গেছেন। বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই গ্রামের ইলিয়াস প্রামাণিকের স্ত্রী রসেনা বেগম বাড়িতে ঝুলন্ত বৈদ্যুতিক তার সরানোর সময় শক্বে আহত হন। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) পারিবারিকভাবে রসেনা বেগমের কন্যা ইসিরনের (২২) বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বুধবার রাতে বরযাত্রীদের আপ্যায়নের জন্য রান্নাবান্নাসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিল পরিবারের সদস্যরা। এসময় বিদ্যুৎসংযোগকারী তারটি সরানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
দুর্ঘটনায় বিয়েবাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সাময়িকভাবে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়।