বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুসরণ করে তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্তাবলি অনুযায়ী, তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছিন্ন করবেন। নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধিমালা অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত কাদের গনি চৌধুরী বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।