প্রবাসী আল আমিন পাওনা টাকা ফেরতের দাবিতে দেনাদারের বাড়ির সামনে সাউন্ডবক্স বাজিয়ে ও ব্যানার টাঙিয়ে অনশন শুরু করেছেন। সাউন্ডবক্সে টাকা আত্মসাতের বিস্তারিত বিবরণ বাজতে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে যশোরের আরএন রোডের রওনক সানফ্লাওয়ার টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আল আমিন মুক্তকণ্ঠকে বলেন, "দীর্ঘদিন আমি সৌদিতে কর্মরত ছিলাম। প্রবাসে থাকাকালে আত্মীয় সূত্রে জানতে পারি শাহরিয়ার পলাশ নামে এক ব্যক্তি দোকান বিক্রি করবে। সে অনুযায়ী চার বছর আগে পলাশকে ১০ লাখ ২০ হাজার টাকা বুঝিয়ে দিই। তবে পলাশ টাকা পাওয়ার পর দোকান রেজিস্ট্রি না করে টালবাহানা শুরু করে।"
তিনি আরও বলেন, "খোঁজ নিয়ে জানতে পারি দোকানটি নিয়ে পারিবারিক ও আইনি বিরোধ রয়েছে এবং পলাশ এর একক মালিক না। পরে মূল টাকা ফেরত চাই, কিন্তু অভিযুক্ত পলাশ টাকা না দিয়ে আমাকে ঘোরাতে থাকে।"
আল আমিন জানান, "সব হারিয়ে নিজের চিকিৎসা চালানোর টাকাও নেই। বারবার ধরনা দিয়েও টাকা না পেয়ে বাধ্য হয়ে এই শারীরিক অবস্থা নিয়েই অনশনে বসেছি। বর্তমানে আমি চরম শারীরিক ও আর্থিক সংকটে দিন পার করছি। দেশে ফেরার পর এক পায়ে অস্ত্রোপচার করে রড বসাতে হয়েছে এবং পায়ুপথেও অপারেশন করা হয়েছে।"
অভিযুক্ত শাহরিয়ার পলাশ টাকা আটকে রাখার কথা স্বীকার করে মুক্তকণ্ঠকে জানান, "শরিকদের ঝামেলার কারণে দোকানটি হস্তান্তর করা সম্ভব হয়নি। অন্য কোথাও দোকানটি বিক্রি করতে পারলে আল আমিনের পাওনা টাকা পরিশোধ করে দেবেন।"
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান মুক্তকণ্ঠকে বলেন, "বিষয়টি জানতে পেরেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"