জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও একই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ বৃহস্পতিবার প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের পক্ষে দাখিলকৃত এই অভিযোগ আমলে নিয়েছেন।
মামলার তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র বিবেচনার পর ট্রাইব্যুনাল জাহাংগীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, যাঁকে ইতোমধ্যেই গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার শুনানিতে প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন আদালতে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সরকার পরিকল্পনা করে হত্যাকাণ্ড চালিয়েছে। সে সময় সরকারের যেসব সভায় হত্যাকাণ্ডের পরিকল্পনা হতো, সেখানে উপস্থিত থাকতেন এই দুই আসামি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় বসা ‘কোর কমিটি’র সভায় উপস্থিত থাকতেন তাঁরা।
প্রসিকিউটর আরও জানান, এই দুজন গণভবনে যাতায়াত করতেন। সেখান থেকে নির্দেশনা নিয়ে আসতেন। নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তাঁরা তদারকি করতেন। তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব হত্যাকাণ্ড চালিয়েছে, তা প্রতিরোধে তাঁরা ব্যবস্থা গ্রহণ করেননি।