মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে বান্দরবানের কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিকে রূপান্তরের লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা হাতে তুলে দেওয়া হয়। পরিবেশ সুরক্ষা ও মানবিক মূল্যবোধ গঠনে গাছের গুরুত্ব তুলে ধরে আয়োজকরা বলেন, নিয়মিত পানি ও যত্নে যেমন একটি কোমল চারা বিশাল মহীরুহে পরিণত হয়, একইভাবে সঠিক শিক্ষা ও অভিভাবক-শিক্ষকের দিকনির্দেশনায় শিক্ষার্থীরাও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। বৃক্ষ নিজের জন্য কিছু সঞ্চয় করে না, বরং ফল, ছায়া ও অক্সিজেন দিয়ে অন্যকে সাহায্য করে; এ থেকে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে জ্ঞান ও মানবিকতা দিয়ে সমাজের কল্যাণ করার তাৎপর্য।

‘বৃক্ষ তোমার নাম কী, ফলেই পরিচয়’—এই প্রবাদটি কাজের কেন্দ্রে রেখে আয়োজকদের মতে, আজকের ক্ষুদ্র চারা যেমন ভবিষ্যতে ছায়া ও ফল দেবে, তেমনি যথাযথ পরিচর্যা পেলে আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও সমাজের যোগ্য কর্ণধার হয়ে উঠবে। মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার সৎ কর্ম ও অবদানের মাধ্যমে, যা গাছের ফলের মতোই।