জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। মুক্তকণ্ঠ ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় মুক্তকণ্ঠ বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ গত ২ ডিসেম্বর ২০২৩ তারিখে এই অনুষ্ঠানের আয়োজন করে। কর্মশালাটিতে বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ প্রদান করেন ঢাকা সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। তিনি বলেন, `শরীর ও মন ওতপ্রোতভাবে জড়িত। একটির অবনতি ঘটলে অন্যটির ওপরও তার নেতিবাচক প্রভাব পড়ে। তাই এগিয়ে যাওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও অত্যন্ত জরুরি।'
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দৈনন্দিন জীবনে মানসিক সমস্যায় পড়লে তা এড়িয়ে না গিয়ে সচেতন হওয়া উচিত এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীর ও মন—দুটোরই সমানভাবে যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।