চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাফসা আক্তার সিনহা বয়স মাত্র ১০ বছর হলেও বড় হয়ে একজন আদর্শ চিকিৎসক হওয়ার ইচ্ছার কথা বলছে। তার এই স্বপ্নের পেছনে পারিবারিক পরিবেশ ও বাবা-মায়ের শিক্ষা বড় ভূমিকা রাখছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সিনহার বাবা একজন চিকিৎসক এবং মা একজন শিক্ষিকা। প্রতিদিন ঘরেই তিনি লক্ষ্য করেন, কীভাবে বাবা অসুস্থ মানুষের পাশে দাঁড়ান, আর মা শিক্ষার্থীদের পড়াশোনার আলো ছড়ান। বিশেষ করে বাবার সাদা অ্যাপ্রন ও স্টেথোস্কোপ পরে রোগীদের সেবা দেওয়ার দৃশ্য তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেও চায় ভবিষ্যতে বাবার পথ ধরে রোগীদের সেবা করে তাদের মুখে হাসি ফোটাতে।
পড়াশোনায় মনোযোগী সিনহার আগ্রহ বেশি বিজ্ঞান ও পরিবেশ বিষয়ে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সে বিনয়ী, কৌতূহলী ও আন্তরিক শিক্ষার্থী। শিক্ষিকা মায়ের দিকনির্দেশনা এবং চিকিৎসক বাবার অনুপ্রেরণায় সিনহা প্রতিদিন নিজের লক্ষ্যেই এগোচ্ছে।
সিনহার মা বলেন, ' আমরা কখনোই তার ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। তবে সে নিজে থেকেই বাবার পেশা ও মানবসেবাকে খুব পছন্দ করে। আমরা চাই সে একজন সুনাগরিক হয়ে দেশের সেবা করুক।' বাবাও মেয়ের আগ্রহে সন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি বলেন, সিনহার এই আগ্রহ দেখে খুব আনন্দ পাই। সে যদি ভবিষ্যতে চিকিৎসক হয়ে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে, তবেই অভিভাবক হিসেবে আমাদের সার্থকতা।