মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে অনলাইনে আয়োজিত ১৬৩তম মাদকবিরোধী পরামর্শ সভায় শিশুদের ডিজিটাল আসক্তির কুফল নিয়ে আলোচনা করা হয়েছে। ২০২৩ সালের ২০ মার্চ অনুষ্ঠিত এই সভায় ‘শিশুর মানসিক বিকাশ ও পারিবারিক অশান্তি: মাদকের প্রভাব’ শীর্ষক বিষয়ে আলোকপাত করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।
ডিজিটাল ডিভাইসের অতিব্যবহারের প্রভাব বর্ণনা করে তিনি বলেন, “আগে যৌথ পরিবারে সন্তান লালন-পালন সহজ ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় পরিবারগুলো এখন একক বা ছোট হয়ে গেছে। জীবন-জীবিকার প্রয়োজনে মা-বাবা দুজনকেই এখন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতে হচ্ছে। অন্যদিকে, কাজের প্রয়োজনে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বহুগুণ বেড়েছে। বর্তমানে শিশুরা বলতে গেলে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই প্রযুক্তির সংস্পর্শে আসছে। অনেক সময় শিশু কাঁদলেই মা-বাবা তার হাতে মোবাইল তুলে দিচ্ছেন। সাময়িকভাবে শিশু শান্ত হলেও, এই অভ্যাসের কারণে তাদের স্বাভাবিক মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।”