সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে ভ্রমণকালীন গোসলে নেমে এক যুবক ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম আব্দুল মাজেদ পিকলু (২৪)। তিনি রাজশাহীর শাহমধ্যম উপজেলার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
জানা যায়, গত বুধবার সকালে রাজশাহীর শাহমধ্যম উপজেলা থেকে ১০ বন্ধু মিলে স্থানীয় একটি হাউসবোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে রওয়ানা হয়। বৃহস্পতিবার সকালে তারা তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে এসে হাউসবোটটি ঘাটে ভেড়ায়। সেখানে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দলের কয়েকজন সদস্য বাজারে ওঠেন। এ সময় পিকলু গোসলের উদ্দেশ্যে হাউসবোট থেকে সরাসরি পানিতে লাফ দেন। তবে পানিতে নামার পর তিনি আর হাউসবোটে উঠতে পারেননি এবং নিখোঁজ হয়ে যান।
বিষয়টি লক্ষ্য করে হাউসবোটে থাকা বাকি সদস্যরা ও ঘাটের স্থানীয়রা পানিতে তল্লাশি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা পানি থেকে পিকলুর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ মুক্তকণ্ঠকে বলেন, "টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গোসলে নেমে হাউসবোটের একজন পর্যটক ডুবে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তার স্বজনরা যোগাযোগ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।"