চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় চার লাখ ভোল্টের জাতীয় গ্রিড বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় ওঠা ২৫ বছর বয়সী তানজিব নামের এক যুবককে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরাপদে উদ্ধার করেছেন।
স্থানীয় বাসিন্দারা উচ্চ ক্ষমতাসম্পন্ন ওই টাওয়ারের শীর্ষে যুবকটিকে দেখতে পেলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনা প্রতিরোধে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। এরপর ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় যুবকটিকে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, টাওয়ার থেকে যুবকটিকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তার পরিচয় শনাক্ত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনেরা এলে তাকে তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণেই যুবকটি এমন ঝুঁকিপূর্ণ কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।