চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. আফনান (৮)। তার বাবা মোহাম্মদ আবদুস সবুর (৪০) লোহাগাড়ার একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মধ্যম গুনাগরী জহুরপাড়া এলাকার বাসিন্দা। চাকরির কারণে তিনি পরিবার নিয়ে লোহাগাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, বুধবার ছুটির দিন হওয়ায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বান্দরবান বেড়াতে গিয়েছিলেন সবুর। সেখান থেকে ফেরার পথে তাঁদের বহন করা অটোরিকশায় একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু আফনানের এবং গুরুতর আহত হন সবুর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।
পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বাবা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আজ বেলা ১১টার দিকে তাঁকে ছাড়াই আফনানের দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত আফনানের চাচা আবদুল হালিম বলেন, "ব্যাংক বন্ধ থাকায় বুধবার পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন তাঁর ভাই। ফেরার পথে দুর্ঘটনায় তাঁর ভাইয়ের এক ছেলে মারা যায়। ভাই গুরুতর আহত হওয়ায় তাঁকে ছাড়াই ভাতিজার দাফন সম্পন্ন করতে হয়েছে।"
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে চালককে আটক করা যায়নি। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"