নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের বারদোয়াস গ্রামে গত মঙ্গলবার পাঁচ বছর বয়সি এক শিশুকে পোলট্রি খামারে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ ম আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "শিশুর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামত ও নমুনা সংগ্রহ করা হয়েছে। শিশুটির যথাযথ চিকিৎসা চলছে।"

পারিবারিক সূত্র জানায়, অভিযুক্তের নাম আব্দুল্লাহ। তিনি সম্পর্কে ভুক্তভোগীর চাচা। শিশুটির মা জানান, ঘটনার দিন তার মেয়ে এসে নির্যাতনের বিষয়টি জানায়। শিশুটিকে বাড়ি নিয়ে গিয়ে দেখা যায়, তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত তাকে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি বলেন, "আমার পাঁচ বছরের শিশুর ওপর যে নির্যাতন চালানো হয়েছে, আমি তার সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার চাই। দোষীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।"

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মিজানুর রহমান বলেন, "বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। ভিক্টিমের পরিবার থানায় আসেনি। এ ধরনের স্পর্শকাতর ঘটনায় তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া আছে।"