লক্ষ্মীপুর সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক তাজ উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই উপজেলার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। মামলা রুজুর পর রাতেই তাকে আটক দেখানো হয়।
পুলিশ ও পরিবারের সূত্র জানায়, প্রায় আট মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। গতকাল সকালে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে লক্ষ্মীপুর সদরে আসেন তিনি। পরে বেলা তিনটার দিকে শ্বশুরবাড়িতে ফিরতে একটি অটোরিকশায় ওঠেন। ওই যানটিতে অন্য কোনো যাত্রী ছিল না। পথে চালক তাঁর ওপর নিষ্ঠুরতা চালায় বলে অভিযোগ। স্থানীয়দের চিৎকারে জনতা জড়ো হলে অভিযুক্ত চালককে আটক করে স্থানীয়রা এবং পুলিশকে খবর দেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অভিযুক্ত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা করানো হবে। এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মামলাটি গতকাল রাতে ভুক্তভোগীর মা লক্ষ্মীপুর সদর মডেল থানায় করেন। তদন্ত চলছে।