দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে জেলা থেকে সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে তারা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে শ্রমিকরা থানা ঘেরাও করেন। এসময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে ডিবি পুলিশ শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে। এই খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত থেকেই দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ি বাসস্ট্যান্ড এবং বালুয়াডাঙ্গাসহ শহরের সব প্রবেশপথে যানবাহন দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া আব্দুস সালাম নামে এক শ্রমিক বলেন, “শেখ বাদশাকে না ছাড়লে আমরা সড়ক অবরোধ তুলে নেব না। আমরা দ্রুত তার নিঃশর্ত মুক্তি চাই।”
অন্যদিকে, পরিবহন শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম জানান, শেখ বাদশাকে ‘৫ আগস্টের’ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “এটা শ্রমিক সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, রাজনৈতিক বিষয়। আদালতের মাধ্যমে জামিন নিতে পারে। অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করা ঠিক নয়।”
দিনাজপুর কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী জানান, শেখ বাদশার বিরুদ্ধে থাকা পূর্বের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।