গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দেউলিয়ূবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে একটি গুদামে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোনাবাড়ির তিনটি ইউনিট এবং সারাবোর দুটি ইউনিট যৌথভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। এই অগ্নিকাণ্ডে চার থেকে পাঁচটি গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, "আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পাই। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।"