খুলনার দৌলতপুরে নিখোঁজের চার দিন পর এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার ডাকাতিয়ার বিল থেকে স্থানীয় এক নারী লাশটি দেখতে পান। পরে সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওই যুবকের নাম মনিরুল ইসলাম রনি। তিনি দৌলতপুরের পশ্চিমপাড়া ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মোশাররফ হোসেন মারা গেছেন। রনি বাইপাস এলাকার একটি প্রতিষ্ঠানে পিপি লোড-আনলোডের কাজ করতেন। পাশাপাশি অটোরিকশাও চালাতেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট থেকে রনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রনির বোন তানজিলা আক্তার সাথী জানান, ২৩ আগস্ট বাসার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির কাছে মোটরসাইকেল রেখে রনি নিখোঁজ হন। পরিচিত কেউ ডেকে নিয়ে তাকে নিয়ে যেতে পারে। কারণ অপরিচিত কারও ডাকে রনি যাওয়ার কথা নয়।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮টার দিকে এক নারী বিলের পাশে কলমিশাক তুলতে গিয়ে পানিতে লাশ দেখতে পান। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে যান। পরে প্রশাসনের সহযোগিতায় সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনরা লাশটি রনির বলে শনাক্ত করেন।

জেলা সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) শিহাব করিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।