মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ ঝিকরহাটি গ্রামে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরটির চাল ও দেয়ালের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম খানের একটি ঘর দীর্ঘদিন ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল। তিনি প্রায় সাত বছর ধরে খুলনায় থাকেন। সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে স্থানীয়রা কাছে গিয়ে দেখেন ঘর থেকে ধোঁয়া উঠছে এবং পোড়া গন্ধ আসছে। বিস্ফোরণের চাপে টিনের চাল ও বেড়ার বড় অংশ উড়ে যায়।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, ঘরের ভেতরে রাখা হাতবোমা বিস্ফোরিত হয়ে এ ক্ষতি করেছে। বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, "বাড়ির মালিক দীর্ঘদিন ধরে খুলনায় বসবাস করছেন। তার পরিত্যক্ত ঘর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।"
বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক দেখা দেয়। তাই পুলিশ এলাকায় টহল বাড়িয়ে দিয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।