যোগ্যতার ভিত্তিতে সরকারিভাবে ১০ হাজার শ্রমিককে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের কানাইঘাটের গাছবাড়ি বাজারে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির পরিবারের সদস্যদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিটি শোকসন্তপ্ত পরিবারকে তিন লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ১২ ধরনের সুবিধাসংবলিত প্রবাসী কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া প্রবাসে নিহত রেমিট্যান্স যোদ্ধাদের পরিবারের সদস্যদের লেখাপড়ার যাবতীয় সহযোগিতা এবং উপার্জনক্ষম একজন সদস্যকে সম্পূর্ণ সরকারি খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার পাঁচ বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন— গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন ও আমরপুর গ্রামের জিবাল আহমেদ। দরিদ্র পরিবারের এই সদস্যরা বিদেশে গিয়ে আর্থিক সচ্ছলতা অর্জনের চেষ্টা করছিলেন, যাদের আকস্মিক মৃত্যুতে পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছে।

গত ৩০ জুন ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তাদের মরদেহ সিলেটে পৌঁছায় এবং জানাজা শেষে দাফন করা হয়।

অনুষ্ঠানে সিলেট-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসান, সংরক্ষিত নারী সংসদ সদস্য শাম্মী আক্তারসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।