গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট। আগামী রোববার এই কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দেশে যে দুর্ভোগ চলছে—গ্যাস, বিদ্যুৎ, তেল, সার…. সরকারের যে ব্যর্থতা, সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। পুরো জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি হয়েছে। একদিকে পার্লামেন্টে চলছে, জুলাই সনদ, গণরায় বাস্তবায়ন না করায়…. আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে, গুমের শিকার পরিবারগুলো এখনও জানে না, তাদের পরিবারের যেসকল সদস্য গুম হয়েছে, তারা এখন কোথায়।"

হামিদুর রহমান আযাদ আরও উল্লেখ করেন, "বিগত সময়ে বিচারবির্হিভূতভাবে অনেকেই গুম, খুনের শিকার হয়েছে। সেগুলোর বিচারও আজ পর্যন্ত হয়নি।"

এই পরিস্থিতি ও দাবিদাওয়া সামনে রেখে আগামী ৩০ তারিখ (রোববার) বিকেল তিনটায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্যজোট।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।