সরকার দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মূল্যায়নে ‘ব্যর্থ হয়েছে’—বিরোধী দলের এমন বক্তব্যকে ‘ঢালাও মন্তব্য’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “এটা একটা ঢালাও মন্তব্য বিরোধী দলের পক্ষ থেকে...আমি মনে করি, এটা যথার্থ নয়। বিরোধী দল বিরোধিতার জন্যই সমালোচনা করে।”

আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি নির্ধারণে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়, যেখানে ভারপ্রাপ্ত মহাসচিব সভাপতিত্ব করেন। সভা শেষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে রুহুল কবির রিজভী আরও বলেন, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা সরকারের কর্মকাণ্ড এবং বিভিন্ন খাতে অগ্রগতি নিয়ে গবেষণা করেছে। এসব গবেষণায় বিএনপি সরকারের কোন কোন খাতে সাফল্য রয়েছে, তা তথ্য-উপাত্তের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তাই এসব গবেষণা ও তথ্যকে উপেক্ষা করে করা ঢালাও মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন যে, সরকার দায়িত্ব নেওয়ার পর কতটুকু অগ্রগতি হয়েছে, তা যথাযথ তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও সরকারের অগ্রগতি সম্পর্কে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে। সরকারের অর্জন ও অগ্রগতির বিষয়গুলো পরিসংখ্যান দিয়ে যাচাইযোগ্যভাবে উপস্থাপনের চেষ্টা চলছে।

রুহুল কবির রিজভী মন্তব্য করেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা এবং অন্যায়ের কাছে মাথা নত না করার কারণেই বিএনপি একটি গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশি-বিদেশি নীতির ক্ষেত্রে বিএনপি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের নীতি অনুসরণ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অন্য দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর নীতিতেও তাঁর দলের বিশ্বাস রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৫ কোটি বৃক্ষরোপণ এবং খাল খননের মতো কর্মসূচি বাস্তবায়ন করছে। রুহুল কবির রিজভী বলেন, দেশজুড়ে এসব কর্মসূচি ঘিরে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, সেসব নিয়ে কেউ কেউ উপহাস বা সমালোচনা করলেও সরকারের কাজের সততা জনগণের কাছে প্রতীয়মান হয়েছে।

রুহুল কবির রিজভী মন্তব্য করেন যে, বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তার বিষয়টি বিভিন্ন জরিপে উঠে এসেছে।

তিনি জানান, বিএনপির জাতীয় কাউন্সিলের জন্য এখনো সময় ঠিক করা হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শরীয়তপুরে তিন সাংবাদিককে পেটানোর ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রুহুল কবির রিজভী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ১ সেপ্টেম্বর সকাল নয়টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভী আরও বলেন, এ ছাড়া বিএনপির পক্ষ থেকে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। আরও কিছু কর্মসূচি প্রাথমিকভাবে নেওয়া হয়েছে এবং দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সেগুলোর তারিখ ও বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।