দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে আয়োজিত বিএনপির এক যৌথসভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

ঘোষিত কর্মসূচির বিবরণ দিয়ে তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ৫ সেপ্টেম্বর আয়োজিত এক আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

রুহুল কবির রিজভী বলেন, "অপরদিকে সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ করবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও বৃক্ষরোপনে নেতৃত্ব দেবেন আরেক যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।"

ভারপ্রাপ্ত মহাসচিব আরও জানান, এর বাইরেও বেশ কিছু কর্মসূচি থাকবে, যেগুলোর খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা হবে।

নয়াপল্টনের ওই যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।