সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এক নারী যাত্রী অসুস্থ হয়ে পড়ায় মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। সেখানে চিকিৎসকের শরণাপন্ন করার পর ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।

আজ বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম (৫৫) নামের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাসকট বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে বিমানবন্দরের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "ফ্লাইটটি আবার মাসকট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। আজ দুপুরের পর ফ্লাইটটির চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ওই নারী যাত্রীর মৃত্যুর বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।"