বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবা পাচারের সময় উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে নুন্দহ-মুরাদপুর সড়কে র‍্যাবের একটি চেকপোস্টে তাকে আটক করা হয়।

র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পরিবহনের খবর পাওয়া যায়। জানানো হয়, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে নুন্দহ গ্রামের দিকে ইয়াবা নিয়ে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

রাত ৯টার দিকে নম্বরবিহীন একটি অটোরিকশা ওই চেকপোস্টে পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামান। অটোরিকশায় রবিউল ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় র‍্যাব তার ব্যাগ তল্লাশি করতে চায়। এ সময় তিনি ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ব্যাগ খুলে ১ হাজার ২০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক মুক্তকণ্ঠকে বলেন, “কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।