সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর ফলে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে নতুন ১ হাজার ১৭১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ৯৫০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে হামের উপসর্গে ৮৫১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জন। এর মধ্যে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৬৫১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত করা হয়েছে।