জাতীয় সম্পদ রক্ষায় যথাযথ মর্যাদায় আগামী বুধবার (২৬ আগস্ট) ফুলবাড়ী শহীদ দিবস পালনের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মের কাছে ফুলবাড়ী আন্দোলনের ইতিহাস ও শিক্ষা পৌঁছে দেওয়ার এবং দেশব্যাপী জাতীয় সম্পদ রক্ষার সংগ্রাম আরও জোরদার করার তাগিদ দেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) মুক্তকণ্ঠে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।
ফুলবাড়ী আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে সাইফুল হক বলেন, "প্রাণ-প্রকৃতি, বসতভিটা ও পরিবেশ ধ্বংস করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির যেকোনো চক্রান্ত বন্ধ করতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, ফুলবাড়ীর জনগণের ঐতিহাসিক গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার যে ৬ দফা ফুলবাড়ী চুক্তি স্বাক্ষর করেছিল, দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি।
বিবৃতিতে তিনি বলেন, "ফুলবাড়ীর আন্দোলন শুধু একটি এলাকার মানুষের আন্দোলন নয়; এটি দেশের জাতীয় সম্পদ, পরিবেশ, কৃষিজমি, পানি, প্রাণ-প্রকৃতি এবং মানুষের জীবন-জীবিকা রক্ষার আন্দোলন। শহীদ আমিন, সালেকিন ও তরিকুলের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আন্দোলন জাতীয় সম্পদ রক্ষার সংগ্রামে নতুন মাত্রা সৃষ্টি করেছিল, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।"
নতুন প্রজন্মের অনেকেই ফুলবাড়ীর ঐতিহাসিক আন্দোলন ও ৬ দফা চুক্তির বিষয়ে অবগত নন বলে মনে করেন সাইফুল হক। তিনি বলেন, "অথচ সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি এবং জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনও অব্যাহত রয়েছে।"
দেশের স্বাবলম্বিতা অর্জনে যেকোনো মূল্যে প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, ফুলবাড়ী আন্দোলনের শহীদ আমিন, সালেকিন ও তরিকুলের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি ফুলবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় জাতীয় সম্পদ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে।