ক্ষুদ্রঋণ ও উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) তার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। গত ২২ আগস্ট শনিবার রাজধানীর আইসিসিবিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ দিনব্যাপী অনুষ্ঠানে এই মাইলফলকটি পালন করা হয়। এতে সংস্থার দেশব্যাপী প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

বিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিশেষ উদযাপনের কেন্দ্রবিন্দুতে ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা সাইফুল ইসলাম রবিন। অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিজের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুল কাদের। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজের নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়রা আজম, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) চেয়ারম্যান মুরশেদ আলম সরকার, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও মো. জাহিদ হোসেন এবং বিজের মাইক্রোফাইন্যান্স পরিচালক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম।