জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি অবশেষে দখলমুক্ত হয়েছে। বাড়িটি দখলে রাখার অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কারের পর তিনি বাড়ি থেকে নিজের মালামাল সরিয়ে নিয়েছেন।
আজ মঙ্গলবার আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান নিজেও বাড়ি ছাড়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “আমি বাড়ি থেকে চলে এসেছি। বহিষ্কারাদেশ পাইনি। তবে এলাকায় মাইকিং করে বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়েছে, তা শুনেছি।”
দলীয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ জুলাই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য মিজানুরকে সাত দিনের সময় দেয় রায়কালী ইউনিয়ন বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়ি ছেড়ে না দেওয়ায় বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এরপর গত রোববার রাতে মিজানুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে আক্কেলপুর উপজেলা বিএনপি। গতকাল সোমবার এলাকায় মাইকিং করে তাঁর বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়। এর পরপরই মিজানুর রহমান বাড়ি থেকে তাঁর মালামাল সরিয়ে নেন।
বাড়িটি দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম। তিনি আজ সকালে মুক্তকণ্ঠকে বলেন, “এখন মিজানুর রহমান মালামাল সরিয়ে নেওয়ায় বাড়িটি দখলমুক্ত হয়েছে। আমি বাড়িতে এসেছি। মিজানুর রহমানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে।”