চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি উল্লেখ করেন, এসব নির্বাচনের জন্য বাজেটে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। বৈঠকের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের কাছে আলোচ্য বিষয় তুলে ধরেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। তিনি বলেন, "নির্বাচনের তফসিল, তারিখ ইসি নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিফ করবে।"
আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পানি সরবরাহে ডেনমার্কের সহায়তা। প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্ক সহযোগিতা করবে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে ডেনমার্ক সহায়তা দেবে। এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারে দেশটি সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার, যা সরকারের ওপর চাপ সৃষ্টি করবে না। এই প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন সম্ভব হবে। এছাড়া, রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে।