বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও আবারও বৃদ্ধি পেয়েছে সোনার মূল্য। আজ মঙ্গলবার থেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছে। সকাল ১০টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর কথা জানায়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। তবে সংগঠনটি স্থানীয় বাজারের কথা বললেও মূলত বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী দামের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

নতুন মূল্যবৃদ্ধির পর ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মূল্যবৃদ্ধির আগে ২২ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

এর আগে ২২ আগস্ট সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। ফলে গত শনিবার এবং আজকের মূল্যবৃদ্ধিসহ মোট ৭ হাজার ১১৫ টাকা দাম বাড়ল।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়। সেদিন একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা দাম বেড়েছিল। পরবর্তীতে দাম কমে প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দরপতন, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে গত শুক্রবার সোনার দাম তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। রয়টার্সের তথ্যমতে, গত সপ্তাহে সোনার দাম ২০০ দিনের গড় দাম ৪ হাজার ৫১৩ ডলার ছাড়িয়েছে। গোল্ড প্রাইস ডটঅর্গের তথ্যানুসারে, বর্তমানে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৬২৫ ডলার, যা ২০০ দিনের গড় দামের চেয়ে ১১২ ডলার বেশি। সাধারণত অনিশ্চয়তার সময়ে সোনার দাম বাড়লেও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের পর দাম দীর্ঘ সময় কমেছিল, যা এখন পুনরায় বাড়ছে।