চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি গরুবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সূত্রে জানা গেছে, গরু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে উখিয়ার বাসিন্দা আব্দুস সালাম ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ওসি নুরুল আবছার মুক্তকণ্ঠকে জানান, "আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুস সালামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি।"