‘তুম বিন ২’ অভিনেতা আদিত্য সিল এবং অভিনেত্রী আনুশকা রঞ্জনের ঘরে এসেছে দ্বিগুণ আনন্দ। তাঁরা যমজ কন্যাসন্তানের মা–বাবা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই বলিউড দম্পতি।
ইনস্টাগ্রামে পোস্ট করে আদিত্য সিল জানান, তাঁদের যমজ কন্যাসন্তানের জন্ম হয়েছে ২৩ আগস্ট। দুই শিশুকন্যার নাম রাখা হয়েছে ভীরা রঞ্জন সিল ও মাহি রঞ্জন সিল। পোস্টে দুই মেয়ের ছবিসংবলিত একটি কার্ডও শেয়ার করা হয়। কার্ডের নিচে আদিত্য ও আনুশকার নাম লেখা রয়েছে।
আদিত্য সিল একই পোস্টে আবেগঘন বার্তাও লিখেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের পরিবারের নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা ভীষণ খুশি। আমার আদরের মেয়েরা আমাদের জীবন আলোকিত করতে এসেছে। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে। ভীরা, মাহি, টিম গার্ল।’
বলিউডের পরিচিত এই দম্পতি চলতি বছরের মে মাসে তাঁদের মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন। বিয়ের চার বছর পর আনুশকা অন্তঃসত্ত্বা হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করে সেই আনন্দও তাঁরা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
২০১৭ সালের ২৬ জুন আনুশকা আর আদিত্যর প্রথম সাক্ষাৎ হয়। আনুশকার এনজিও ‘বেটি’ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল তাঁদের। এরপর ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায়। কয়েক বছর প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিয়ে করেন তাঁরা। বিয়ের প্রায় পাঁচ বছর পর তাঁদের সংসারে এল যমজ কন্যা ভীরা ও মাহি।