২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং ফি জমা দেওয়ার সময়সূচি ও নির্দেশনাবলি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (২৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ (eFF) করা যাবে। এর আগে ৩১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসংবলিত একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করবে।
পরীক্ষার ফি হিসেবে প্রতি পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র নির্ধারিত হওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে এই ফি প্রদান করতে হবে। সোনালী ব্যাংকের মাধ্যমে পে-স্লিপ প্রিন্ট করে আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—মোট পাঁচটি বিষয়ে ৪০০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী থাকলে, প্রতিষ্ঠানপ্রধানকে তাদের সংখ্যার তালিকা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।