দেশের সকল বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিশেষ দিনটি উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন দেশের সকল সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এই জাতীয় কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন এবং আশকোনা ও জেদ্দা হজ অফিসসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হবে।

আয়োজিত আলোচনা সভাগুলোতে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্মের পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।