প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে আয়োজিত এই বৈঠকে তারেক রহমান সভাপতিত্ব করেন। সভায় মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালু, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং বিদ্যালয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়। এই কর্মসূচির ফলে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছিল বলে তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
এছাড়াও, বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মিড-ডে মিলের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা যাচাইয়ের জন্য পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশও দেওয়া হয়েছে।