সিলেটের শাহপরান এলাকায় নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার (২৩ আগস্ট) দিনগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পরিবারসহ শাহপরান এলাকার ইসলামাবাদে নিজস্ব বাসভবনে বসবাস করতেন। চারখাই বাজারে তার একটি ভোগ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

ঘটনার পরপরই পুলিশ শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে রেদোয়ান আহমদ জানান, “রাতে এলাকার লোকজন এসে বলেন, আমার বাবাকে কারা যেন আটকে রেখেছে। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়েছে। তার ঘাড়ে তিনটি কোপের চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তবে পথেই তিনি মারা যান।”

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।”

এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরে বাসার ভেতরে সপরিবারে এক ব্যবসায়ী খুন হন। ওই দিন সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা ‘নিকুঞ্জ ভিলা’ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং তাদের গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। সেই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।