বেতন অ্যাকাউন্টে টাকা ঢোকার পর অনেকেরই মনে হয় হাতে যথেষ্ট অর্থ আছে। কিন্তু মাসের মাঝামাঝি সময়েই হিসাব মেলাতে হিমশিম খেতে হয়। বাসাভাড়া, বাজার, ইউটিলিটি বিল এবং যাতায়াতের খরচের পাশাপাশি অনলাইন কেনাকাটা ও বাইরের খাবারের মতো ছোট ছোট ব্যয় মিলিয়ে দ্রুত টাকা শেষ হয়ে যায়। তবে এই সমস্যাটি কেবল কম বেতনের কারণে হয় না, বরং অর্থ ব্যবস্থাপনার অভাবের কারণে ঘটে। বেতন পাওয়ার পরপরই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের পরিমাণ বাড়ানো সম্ভব।
অর্থ ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো আগে সঞ্চয় করা। সাধারণত আমরা সব খরচ শেষে যা থাকে তা সঞ্চয় করি, কিন্তু বাস্তবে মাসের শেষে হাতে টাকা থাকে না। তাই বেতন পাওয়ার সাথে সাথেই ১৫ থেকে ২০ শতাংশ টাকা আলাদা করে রাখা উচিত। তবে এই অঙ্কটি প্রত্যেকের আয় ও সামর্থ্যের ওপর নির্ভর করে। সঞ্চয়ের টাকাটি এমন আলাদা অ্যাকাউন্টে রাখা ভালো, যেখান থেকে দৈনন্দিন খরচ করা হয় না।
দ্বিতীয়ত, মাসের নির্দিষ্ট ও বাধ্যতামূলক খরচগুলো আগে আলাদা করে রাখা প্রয়োজন। বাসাভাড়া, বিদ্যুৎ বিল, ঋণের কিস্তি বা সন্তানের স্কুলের ফির মতো ব্যয়গুলো বেতন পাওয়ার পরপরই সরিয়ে রাখলে মাসের মাঝামাঝি সময়ে বড় অঙ্কের বিলের চাপ তৈরি হয় না। একটি তালিকা তৈরি করে কোন তারিখে কত টাকা দিতে হবে তা লিখে রাখলে আর্থিক চিত্রটি পরিষ্কার থাকে।
তৃতীয় কৌশলটি হলো পুরো মাসের টাকা একসঙ্গে খরচ না করা। মাসের শুরুতে হাতে বেশি টাকা থাকায় অনেকেই প্রথম সপ্তাহেই অতিরিক্ত ব্যয় করে ফেলেন। এটি এড়াতে প্রয়োজনীয় খরচ ও সঞ্চয় বাদ দিয়ে বাকি টাকাকে চার সপ্তাহে ভাগ করে নেওয়া যেতে পারে। প্রতি সপ্তাহের জন্য একটি নির্দিষ্ট সীমা ঠিক করলে মাসের শেষ পর্যন্ত অর্থ চলে। কোনো সপ্তাহে খরচ কম হলে সেই টাকা সঞ্চয়ের অংশ করা শ্রেয়।
চতুর্থত, অদৃশ্য খরচগুলো চিহ্নিত করা জরুরি। অনেক সময় আমরা এমন অনলাইন সাবস্ক্রিপশন, জিম সদস্যপদ বা ভিডিও স্ট্রিমিং সার্ভিসের টাকা দিই যা আর ব্যবহার করি না। প্রতিবেদনে এসব অপ্রয়োজনীয় স্বয়ংক্রিয় খরচ পর্যালোচনা করে বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। মাসে একবার ব্যাংক স্টেটমেন্ট বা কার্ডের লেনদেন দেখলে কোন খাতে টাকা যাচ্ছে তা বোঝা সহজ হয়।
পঞ্চমত, অনলাইন কেনাকাটার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে অন্তত ২৪ ঘণ্টা অপেক্ষা করার অভ্যাস করা উচিত। প্রতিবেদনে এই অপেক্ষার পদ্ধতিকে অপ্রয়োজনীয় বা হঠাৎ করে কেনাকাটা ঠেকানোর একটি কার্যকর উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। এক দিন পর নিজেকে প্রশ্ন করা উচিত যে জিনিসটি সত্যিই প্রয়োজন কি না, নাকি কেবল ছাড় দেখে কেনার ইচ্ছা হয়েছে।
ষষ্ঠত, প্রতি মাসে অন্তত একটি অপ্রয়োজনীয় খরচ কমানোর লক্ষ্য নেওয়া যেতে পারে। প্রতিদিন বাইরে থেকে চা-কফি খাওয়া, ঘনঘন অনলাইন ফুড অর্ডার বা অল্প দূরত্বে রিকশা ব্যবহারের মতো অভ্যাসগুলোর মধ্যে যেকোনো একটি কমিয়ে আনার চেষ্টা করা উচিত। প্রতিবেদনে এমন একটি অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করে তা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। ছোট খরচ মনে হলেও বছর শেষে এর পরিমাণ অনেক বড় হয়।
সপ্তমত, মাসের শেষ পাঁচ বা ছয় দিনের জন্য একটি ছোট অংকের টাকা আলাদা করে রাখা উচিত। এটি মূল সঞ্চয় নয়, বরং জরুরি তহবিলের মতো। হঠাৎ অসুস্থতা, ওষুধ বা অপ্রত্যাশিত যাতায়াত খরচের জন্য এই টাকা ব্যবহার করা যাবে। তবে এটি কোনোভাবেই অপ্রয়োজনীয় কেনাকাটায় ব্যয় করা উচিত নয়।
সঞ্চয়ের জন্য উচ্চ বেতনের চেয়ে খরচের হিসাব রাখা বেশি গুরুত্বপূর্ণ। আয় বাড়লে খরচও বাড়ে, তাই অল্প আয় থেকেই বাজেট করার অভ্যাস করা উচিত। প্রতিদিনের ছোট ছোট খরচের হিসাব রাখলে মাস শেষে বোঝা যায় কোথায় বেশি টাকা ব্যয় হচ্ছে। মনে রাখতে হবে, সঞ্চয় মানে কেবল টাকা জমানো নয়, বরং এটি একটি আর্থিক নিরাপত্তা যা জরুরি সময়ে অন্যের ওপর নির্ভরতা কমায়। বেতন পাওয়ার প্রথম দিনটিই পুরো মাসের আর্থিক দিক নির্ধারণ করে, তাই সঞ্চয়কে মাসের শেষে বেঁচে যাওয়া টাকা হিসেবে না দেখে শুরুতেই পরিকল্পনার অংশ করা প্রয়োজন।