যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। এই ঘটনায় রেস্তোরাঁর আরও এক কর্মী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ে অবস্থিত 'আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা' রেস্তোরাঁয় এই হামলা চালানো হয়। তবে বন্দুকধারী রেস্তোরাঁর ভেতরে থেকে গুলি চালিয়েছেন নাকি বাইরে থেকে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এবং ৩৯ বছর বয়সী আরেক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। দ্রুত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ৪৪ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত ৩৯ বছর বয়সী ব্যক্তির অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
পুলিশ এই ঘটনার সাথে জড়িত এক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে। তবে কেন এই হামলা চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। নিহত ও আহত দুজনের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।