নেদারল্যান্ডসের ব্রেডা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘণ্টায় ১১২ দশমিক ৭৪ কিলোমিটার গতির একটি গাড়ি দিয়ে নতুন রেকর্ড গড়ার পর সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তা স্বীকৃতি দিয়েছে। গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।
রাস্তাঘাটে সাধারণত দেখা মেলে ঐতিহ্যবাহী কাঠের জুতার। তবে এবার সেই কাঠের জুতার আদলেই তৈরি করা হয় একটি গাড়ি। এটিকে বিশ্বের দ্রুততম মোটরচালিত কাঠের জুতা হিসেবে ধরা হয়েছে।
ব্রেডা বিমানবন্দরে ২০২৪ সালের ৪ এপ্রিল রেকর্ডটি করা হয়। ওই দিন গাড়িটি চালিয়েছেন দেশটির টেলিভিশন উপস্থাপক ক্লাস ভান ক্রুয়িস্টুম। ‘বিশ্বের দ্রুততম বাগানের ঘর’ তৈরির রেকর্ডধারী যুক্তরাজ্যের কেভিন নিকসের সহযোগিতায় একদল ডাচ টেলিভিশনকর্মী গাড়িটি তৈরি করেন।
বাইরের নকশায় গাড়িটিকে দেখতে বিশাল কাঠের জুতার মতো করা হলেও এর ভেতরে ছিল বৈদ্যুতিক গো-কার্টের কাঠামো। ফাইবারগ্লাস, পলিয়েস্টার ও তারের জাল দিয়ে তৈরি করা বাইরের অংশ দূর থেকে দেখলে কাঠের জুতার ছুটে চলার অনুভূতি দেয়।
রেকর্ড গড়ার দিন আবহাওয়া অনুকূলে ছিল না। ব্রেডা বিমানবন্দরে প্রবল বাতাস এবং থেমে থেমে বৃষ্টি ছিল। এই অবস্থায় ১০০ মিটার দীর্ঘ এক পথে গাড়িটির গতি পরীক্ষা করা হয়। ক্লাস ভান ক্রুয়িস্টুমকে গাড়িটি তিনবার চালাতে হয়েছে।
প্রথম দফায় সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৮২ দশমিক ৫১ কিলোমিটার। দ্বিতীয় দফায় তা বেড়ে হয় ঘণ্টায় ১১২ দশমিক ৭৪ কিলোমিটার। তৃতীয়বারও গতি প্রায় একই থাকে—ঘণ্টায় ১১২ দশমিক ৫৪ কিলোমিটার। তিনবারের মধ্যে সর্বোচ্চ গতিটিকেই রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়েছে।
ক্লাস ভান ক্রুয়িস্টুমের টেলিভিশন অনুষ্ঠানের নাম ‘ক্লাস কান আলেস’, যার অর্থ ‘ক্লাস সবকিছু করতে পারেন।’ অনুষ্ঠানটির ১১টি মৌসুমে তাঁকে নানা অদ্ভুত যানবাহন চালাতে দেখা গেছে। এর মধ্যে ছিল দ্রুততম বাগানের ঘর, দ্রুততম এক চাকার মোটরসাইকেল এবং সবচেয়ে বড় টেট্রাপড এক্সোস্কেলেটন (চার পায়ের রোবোটিক কাঠামো)।
রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত ক্লাস ভান ক্রুয়িস্টুম বলেন, ‘কৌতূহল মতো কাজ করলে রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে দারুণ সব অভিযানে যাওয়া যায়। এই রেকর্ড নিয়ে আমি গর্বিত।’