শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। আগামী সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করেছে। রোববার (২৩ আগস্ট) সংগঠনের আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা এক চিঠিতে বলা হয়েছে, "নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করতে হবে।"

পুলিশের দেওয়া মোট ২১টি শর্তের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে হবে। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য প্রচার করা যাবে না। উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

শর্তে আরও বলা হয়েছে, কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না। পাশাপাশি "আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কর্মকাণ্ড করা যাবে না এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে।"

মানববন্ধন চলাকালে সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে সতর্ক করে জানানো হয়েছে, "কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।"