দেশের কলেরার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন (POCV) ক্যাম্পেইন সফল করতে বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৩ আগস্ট) মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে পাঁচ জেলার সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির প্রথম ডোজ গত ২২ আগস্ট থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত এলাকার এক বছর ও তদূর্ধ্ব বয়সী (গর্ভবতী মা ছাড়া) সাধারণ জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হবে।

ক্যাম্পেইনটি সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদের মাধ্যমে vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়ায় শিক্ষকেরা সরাসরি সহায়তা করবেন। প্রয়োজনে প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষকদেরও এই কাজে যুক্ত করার কথা বলা হয়েছে।

এছাড়া অভিভাবকদের উদ্বুদ্ধ করতে জেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। টিকাদান কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করবেন।