শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে এক বছরের জন্য বিনামূল্যে জেমিনাই প্রো এবং ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটির ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় বিশ্বব্যাপী এই বিশেষ সুবিধা উন্মুক্ত করা হয়েছে। এই অফারের মাধ্যমে শিক্ষার্থীরা জেমিনাইয়ের স্বাভাবিক ব্যবহারের চেয়ে দ্বিগুণ সীমা এবং অতিরিক্ত স্টোরেজসহ আরও বেশ কিছু নতুন সুবিধা পাবেন।

এই সুবিধা পেতে হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। এছাড়া দেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত পরিচয়পত্র বা ভর্তির প্রমাণপত্র দাখিল করতে হবে।

আবেদন প্রক্রিয়ার জন্য প্রথমে ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট লগইন করে ‘Google One Student Page’-এ যেতে হবে। সেখানে ‘Get Student Offer’ বাটনে ক্লিক করে দেশের নাম Bangladesh সিলেক্ট করতে হবে। এরপর নিজের নাম এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

পড়াশোনার ক্ষেত্রে জেমিনাইকে আরও কার্যকর করতে গুগল নতুন কিছু ফিচার যুক্ত করেছে। স্টুডেন্ট হাবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করতে পারবেন, যা বিশ্লেষণ করে জেমিনাই ব্যক্তিগত পড়ার নোট, ছোট শিক্ষামূলক পাঠ এবং কুইজ তৈরি করে দেবে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্যবস্থা শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবে। জটিল বিষয় সহজ করতে ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক সিমুলেশন এবং তথ্যের টেবিল তৈরির সুবিধাও থাকছে, যা বিজ্ঞান ও গণিতের মতো বিষয় বুঝতে সহায়ক হবে। পাশাপাশি জেমিনাই লাইভের সঙ্গে ডিপ রিসার্চ সুবিধাও যুক্ত করা হচ্ছে।

গুগলের এই বিশেষ অফারটি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা যাবে। যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার আগেই এই সুযোগটি গ্রহণ করতে পারবেন।