জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে পুনরায় রোভার স্কাউটিং কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোর্সটিকে আধুনিক করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

শনিবার রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে স্কাউটিংকে আরও নিবিড়ভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে’ স্কাউটদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে।

স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে বেসরকারি খাত ও সমাজের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, “সবকিছুর জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। সমাজহিতৈষী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। অনেকেই ভালো কাজে সহযোগিতা করতে চান, কিন্তু উপযুক্ত ক্ষেত্র পান না।”

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি অধ্যাপক মোহা. শহীদুল ইসলাম প্রমুখ।