ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের মাঠের অবস্থা নিয়ে উদ্বেগে পড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। মাঠের ঘাসের ঘনত্ব পরীক্ষার পর উন্নতির পরামর্শ দিয়েছে তারা। এরই মাঝে সিবিএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আকস্মিকভাবে ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে, যা নিয়ে ফুটবল মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।

আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের প্রস্তুতি যাচাই করতে গত বৃহস্পতিবার ও শুক্রবার সল্টলেক স্টেডিয়াম, অনুশীলন মাঠ, ড্রেসিংরুম, আবাসন এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছে সিবিএফ প্রতিনিধিদল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের তথ্য অনুযায়ী, মাঠের ঘাসের ঘনত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিবিএফ কর্মকর্তারা। তাঁদের মতে, ঘাস যথেষ্ট ঘন না হলে খেলোয়াড়দের চোটের ঝুঁকি বাড়তে পারে। বিষয়টি আরও বিস্তারিতভাবে পরীক্ষা করতে আগামী সপ্তাহে বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতার মাঠ বিশেষজ্ঞ কৃষিবিদ মারিসতেলা কুনকে কলকাতায় পাঠাবে সিবিএফ। তবে এই উদ্বেগের কারণে ম্যাচ বাতিল বা ঢাকা স্টেডিয়ামে সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময়ের মধ্যে মাঠের উন্নয়ন সম্ভব বলে মনে করছে সিবিএফ; পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশন ও পশ্চিমবঙ্গ সরকারও প্রয়োজনীয় কাজ শেষ করার আশ্বাস দিয়েছে।

কলকাতার পর রোববার দুপুরে ঢাকায় পৌঁছায় একই প্রতিনিধিদল। ব্রাজিল পুরুষ জাতীয় দলের মহাব্যবস্থাপক সের্হিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে কর্মকর্তারা প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেন। তারা নতুন তৈরি মাঠ, ঘাস, পানি নিষ্কাশনব্যবস্থা, ড্রেসিংরুম ও গ্যালারি সহ অন্যান্য সুযোগ-সুবিধা পরীক্ষা করেন।

বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মাঠ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানিয়েছেন, জাতীয় স্টেডিয়ামকে ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার কিংবা বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথা আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা চুক্তি হয়নি।

বাফুফে ব্রাজিলিয়ান প্রতিনিধিদের জানিয়েছে, স্টেডিয়ামের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি এবং মাঠ প্রস্তুত হতে আরও প্রায় দুই সপ্তাহ লাগতে পারে। সব কাজ শেষ হলে প্রয়োজনে আবারও ঢাকায় এসে পরিদর্শনের কথা জানিয়েছেন প্রতিনিধিদল।

অস্ট্রেলিয়া সফর শেষে ভারতের পথে ব্রাজিল দল ঢাকায় এসে অনুশীলন করতে পারে বলে আলোচনা হলেও ইকবাল হোসেন জানিয়েছেন, এবারের পরিদর্শনের সময় এমন কোনো পরিকল্পনা নিয়ে কথা হয়নি। ফলে ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ব্রাজিলের ঢাকায় অনুশীলনের সম্ভাবনাটি এখন পর্যন্ত অনুমানের মধ্যেই সীমাবদ্ধ।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথমটি টাউনসভিলে এবং দ্বিতীয়টি ব্রিসবেনে। এরপর ৩ অক্টোবর তারা কলকাতায় ভারতের মুখোমুখি হবে।

অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার সময়সূচি এবং কলকাতার কাছাকাছি ঢাকার অবস্থানের কারণে এই সফর নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আপাতত নিশ্চিত শুধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন। তবে ভবিষ্যতে ব্রাজিলের কোনো ম্যাচ কিংবা অনুশীলনের জন্য ঢাকাকে বিবেচনায় নেওয়ার সম্ভাবনার দুয়ার খুলে দিয়ে গেছে সিবিএফ প্রতিনিধিদল।