রাজধানীর বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির খবর পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে এসব বার্তা কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এগুলো প্রতারণামূলক বা ভুয়া বার্তা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আবু খায়ের বলেন, "ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসগুলো নিয়ম অনুযায়ী বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়।"
এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কূটনৈতিক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, "দূতাবাসগুলোর পক্ষ থেকে পুলিশকে সরাসরি কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি জানার পর বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাই আরও জোরদার করা হয়েছে।"
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ জানিয়েছে, হুমকির ই-মেইলকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা নেওয়া হলেও এখন পর্যন্ত গুরুতর কোনো নিরাপত্তাঝুঁকির তথ্য পাওয়া যায়নি।