এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলে বড় ব্যবধানে পরাজিত করেছে রাজশাহী স্টারস। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তহুরা খাতুন হ্যাটট্রিক করেন।
টুর্নামেন্টের 'এ' গ্রুপের সবচেয়ে দুর্বল দল হিসেবে পরিচিত রোভার্স এফসি গ্রুপ পর্বের তিন ম্যাচে মোট ৩৩টি গোল হজম করেছে। প্রথম ম্যাচে কলকাতার ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সাবাহ এফসির কাছে ২-১ গোলে হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল রাজশাহীর। ফলে শেষ ম্যাচটি ছিল মূলত আনুষ্ঠানিকতার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোলাম রব্বানীর দল। তৃতীয় মিনিটেই শামসুন্নাহারের লং শট আটকাতে গিয়ে গোলকিপার দেসেহা মেন্দিওলার ভুলে প্রথম গোল পায় রাজশাহী। ১৮ মিনিটে মোসাম্মত সুলতানার পাস থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। ২৫ মিনিটে আবারও গোল করে প্রথমার্ধেই দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন তহুরা।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে রাজশাহী স্টারস। ৫২ মিনিটে মনিকা চাকমার পাসে ড্রিবল করে গোল করেন স্বর্ণা রানী। এর এক মিনিট পরেই গোলকিপারকে একা পেয়ে ব্যবধান ৫-০ করেন মনিকা চাকমা। ৬০ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা খাতুন, দলের গোলসংখ্যা হয় ছয়।
৭১ মিনিটে রোভার্সের এলোমেলো রক্ষণ কাজে লাগিয়ে সপ্তম গোল করেন শামসুন্নাহার সিনিয়র। সবশেষে যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র আরও একটি গোল করে ৮-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।